দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা না পেলেও ক্লাব ক্যারিয়ারে সুখবর পেলেন পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে দিবালার সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রোমা। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। নির্দিষ্ট শর্ত পূরণ হলে তা স্বয়ংক্রিয়ভাবে ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো যাবে।
নতুন চুক্তিতে ৩২ বছর বয়সী দিবালার বেতন আগের তুলনায় কমবে বলে জানিয়েছে ইতালীয় সংবাদমাধ্যমগুলো।
২০২২ সালে জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দেন দিবালা। এরপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৯ ম্যাচে ৪৫ গোল করেছেন তিনি। অভিষেক মৌসুমেই দলকে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দ্রুতই সমর্থকদের অন্যতম প্রিয় খেলোয়াড়ে পরিণত হন।
তবে গত মৌসুমে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন দিবালা। মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রায় চার মাস খেলতে পারেননি। এতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত বেতন কমিয়ে রোমাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন চুক্তির ফলে আগামী মৌসুমে রোমার হয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবেন এই আর্জেন্টাইন তারকা।
রোমায় যোগ দেওয়ার আগে টানা সাত মৌসুম জুভেন্টাসের হয়ে খেলেছেন দিবালা। ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছিলেন তিনি।
এমএস/